শোক আর শ্রদ্ধায় রাজশাহীতে জাতীয় চার নেতাকে স্মরণ

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০৪:১৫ পিএম

জেলহত্যা দিবসে গভীর শোক আর শ্রদ্ধায় রাজশাহীতে জাতীয় চার নেতাকে স্মরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সকালে দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সেখানে জাতীয় চার নেতার মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসব কর্মসূচিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, জাতীয় চার নেতার অন্যতম শহীদ কামারুজ্জামানের ছেলে ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি আক্তার জাহান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সহসভাপতি শাহীন আক্তার রেনীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নগরীর কাদিরগঞ্জে কামারুজ্জামানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

সকালে শহীদ কামারুজ্জামানের সমাধীতে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক এবং জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনও শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত