স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গাছের সঙ্গে বেঁধে রাখা হলো যুবককে

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০৬:৪০ পিএম

জামালপুরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের সময় খলিলুর রহমান (৩০) নামে এক কাঠমিস্ত্রিকে হাতেনাতে আটক করে সারা রাত গাছের সঙ্গে বেঁধে রেখেছে স্থানীয়রা।

সোমবার রাতে সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের সেঙ্গুায়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ওই কাঠমিস্ত্রিকে আটক করে র‌্যাব-১৪।

ওই ছাত্রীর পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানায়, সেঙ্গুয়া গ্রামের এক কৃষক পরিবারের অষ্টম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী সোমবার রাত ৯ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হয়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আগে থেকে ওৎপেতে থাকা পাশের আলীনগর গ্রামের আব্দুস সামাদের ছেলে খলিলুর রহমান জোরপূর্বক ঘরে ঢুকে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর চিৎকারে তার মামা ঘরে ঢুকে এ দৃশ্য দেখতে পান। খলিলুর রহমান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশীদের সহায়তায় তাকে আটক করে মারধরের পর সারা রাত গাছে বেঁধে রাখে।

খবর পেয়ে মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একদল র‌্যাব সদস্য ঘটনাস্থলে গিয়ে গাছে বাঁধা খলিলুর রহমানকে আটক করে র‌্যাব ক্যাম্পে নিয়ে যায়।

মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আবদুল লতিফ জানান, এ বিষয়য়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার সকালে ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা করানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত