ব্যাটসম্যানদের জন্য হেলমেট বাধ্যতামূলক চান শচিন

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০৭:২০ পিএম

মাঠে থাকা অবস্থায় ব্যাটসম্যানদের জন্য হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করতে আইসিসির কাছে আইন চালু করতে অনুরোধ জানালেন ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকার।

এই প্রসঙ্গ শচিন তুলে ধরেছেন মূলত চলতি আইপিএলের একটি ঘটনায়। কিংস ইলেভেন পাঞ্জাব বনাম সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচে নিকোলাস পুরানের ছোড়া বল সোজা গিয়ে লাগে বিজয় শংকরের হেলমেটে। ওই অবস্থায় যদি হেলমেট না থাকত তাহলে মাথায় মারাত্মক চোট পেতে পারতেন বিজয় শংকর।

কিন্তু হেলমেট থাকায় বেঁচে যান তিনি। আর এই বিষয়টিকেই গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলে আইসিসি-কে অনুরোধ জানিয়েছেন শচিন। এ নিয়ে একটি টুইটও করেছেন কিংবদন্তি।

শচিন লিখেছেন, ‘ক্রিকেটে এখন অনেক গতি বেড়েছে। কিন্তু সেটা কি সুরক্ষিত? সবার জন্য নিরাপদ তো? সম্প্রতি আমরা এমন একটা ঘটনা দেখেছিলাম যার পরিণতি অনেক খারাপ হতে পারত। স্পিনার হোক কিংবা পেসার, পেশাদার ক্রিকেটে যে কোনো ব্যাটসম্যানের মাঠে হেলমেট বাধ্যতামূলক করা হোক। পুরো বিষয়টা আইসিসি যেন গুরুত্ব দিয়ে দেখে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত