ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্মের নামে সহিংসতা সমর্থনযোগ্য নয়: পররাষ্ট্র সচিব

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১০:১০ পিএম

মত প্রকাশের স্বাধীনতার নামে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না উল্লেখ করে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ধর্মের নামে কোনো ধরনের সহিংসতাকে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতি রিপোর্টারদের সংগঠন ডিক্যাব সদস্যদের বিফিংকালে তিনি এসব কথা বলেন। এ সময় ডিক্যাব সভাপতি আ্ঙ্গুর নাহার মন্টি এবং সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব বলেন, মত প্রকাশের স্বাধীনতাকে দায়িত্বের সঙ্গে ব্যবহার করতে হবে। পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতার নামে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না। বাংলাদেশ ধর্মের নামে কোনো ধরনের সহিংসতাকে কোনোভাবেই সমর্থন করে না।

সেই সঙ্গে অর্থনৈতিক বিষয়গুলোর সাথে ধর্মীয় বিষয়গুলোকে মিশ্রিত করার পরিবর্তে সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সম্প্রতি ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় ছুরি হামলায় তিনজন নিহত হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ যাকে ‘ইসলামিস্ট টেররিস্ট অ্যাটাক’ বলে অভিহিত করেছেন।

ফ্রান্সের ওই ঘটনায় বাংলাদেশও নিরীহ মানুষের ওপর আক্রমণের পর হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

বাংলাদেশ পারস্পরিক সম্প্রীতিতে বিশ্বাসী উল্লেখ করে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সকলকে শান্ত ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।

এদিকে, ইসলামের বিরুদ্ধে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর মন্তব্যের প্রতিবাদে সোমবার রাজধানীতে বিক্ষোভ করেছে ধর্ম ভিত্তিক দল হেফাজতে ইসলাম।

সূত্র: ইউএনবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত