চট্টগ্রাম শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের জন্য ১২ গুণ বেশি দামে বৈদ্যুতিক পাম্প কেনার মাধ্যমে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সংস্থাটির প্রধান প্রকৌশলীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এ মামলাটি করেন। কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন মেসার্স পাওয়ার টেক ইন্টারন্যাশনালের মালিক আবদুল আলীম, শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) প্রকৌশলী ও ব্যবস্থাপক ভুবন বিজয় দত্ত, প্রধান প্রকৌশলী (উৎপাদন) এএইচএম কামাল, নকশা ও পরিদর্শন পরিদপ্তর-১-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী তোফাজ্জেল হোসেন, পিডিবির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু ইউসুফ এবং চট্টগ্রাম বিদ্যুৎকেন্দ্রের উপব্যবস্থাপক (নির্বাহী প্রকৌশলী) মিজানুর রহমান। বলা হয়েছে, আসামিরা প্রতারণামূলকভাবে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০১৬ সালে চট্টগ্রাম শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে ২ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার টাকায় বৈদ্যুতিক মোটর ক্রয় করেন। অথচ দুদকের অনুসন্ধানে দেখা যায়, পাম্পটির প্রকৃত বাজারমূল্য ২ লাখ ৪৯ হাজার ৫৬১ টাকা। অর্থাৎ তারা ১২ গুণ বেশি দামে ওই পাম্পটি ক্রয় দেখিয়েছেন।
