হঠাৎ নিখোঁজ হয়ে যান দীপিকা পাড়ুকোনের ম্যানেজার। কয়েক দিনের মাথায় এবার তার দেখা মিলল। বুধবার মুম্বাইয়ের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো তথা এনসিবি-র অফিসে হাজিরা দেন করিশমা প্রকাশ।
সম্প্রতি তল্লাশি চালিয়ে করিশমার বাড়ি থেকে ১.৮ গ্রাম হ্যাশ-সহ বেশ কয়েকটি সিবিডি অয়েলের খালি বোতল উদ্ধার করে এনসিবি। এরপরই দীপিকার ম্যানেজারকে ফের সমন পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য।
করিশমার খোঁজ না মেলায় তার মায়ের কাছে পাঠানো হয় সমনের প্রতিলিপি। পাশাপাশি একটি ট্যালেন্ট ম্যানেজমেন্টের দপ্তরেও যায় সেই সমন। অবশেষে বুধবার এনসিবির দফতরে হাজির হন তিনি।
মাদক মামলায় করিশমার পাশাপাশি ফের দীপিকাকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা যায় দীপিকাকে। শুটিংয়ের জন্য গোয়ায় উড়ে যান তিনি।
এর আগে এনসিবি-র জিজ্ঞাসাবাদে জানান, কখনো মাদক গ্রহণ করেননি। কারিশমার সঙ্গে ফাঁস হওয়া একটি চ্যাট থেকে ধারণা করা হয়, তারা মাদক নিয়ে কথা বলেছিলেন। কিন্তু দীপিকা জানান, কয়েকটি ক্যাটাগরির সিগারেটের জন্য মজা করে ছদ্মনাম ব্যবহার করতেন তিনি ও কারিশমা।
