যশোরে আগুনে দগ্ধ হয়ে পুতুল দাস (১৬) নামে অন্তঃসত্ত্বা এক কিশোরী গৃহবধূর মৃত্যু ও তার স্বামী প্রদীপকে দগ্ধ অবস্থায় আটকে করেছে পুলিশ।
এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ১টার দিকে ঝিকরগাছা উপজেলার রাজাপুর ইউনিয়নের কাউনিয়া দাসপাড়ায় এ ঘটনা ঘটে। কিশোরীর পরিবার ও প্রতিবেশীরা স্বামী প্রদীপের বিরুদ্ধে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ তোলায় পুলিশ তাকে আটক দেখিয়েছে। বর্তমানে তিনি পুলিশ পাহারায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুতুল দাসের মা পুষ্প রাণী দাস বলেন, রাতে প্রদীপ ও তার স্ত্রী পুতুলের মধ্যে ঝগড়া হচ্ছিল। একপর্যায়ে তাদের চিৎকার শুনে বাইরে এসে দেখেন ঘরের মধ্যে আগুন জ্বলছে। এ সময় প্রতিবেশীরা দরজা ভেঙে তাদের উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
ঝগড়ার কারণে প্রদীপ তার স্ত্রীকে আগুন লাগিয়ে দিতে পারে বলে অভিযোগ পুতুলের মা ও প্রতিবেশীদের।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আহম্মেদ তারেক শামস চৌধুরী জানান, রাত ৩টার দিকে দগ্ধ দম্পতিকে হাসপাতালে আনা হয়। পুতুলের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়। এ ছাড়া আহত প্রদীপের দুটি হাত, চোয়াল ও মাথার চুল পুড়ে গেছে। তাকে সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুতুলের কাকা সঞ্জয় কুমার জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় যাওয়ার পথে গোপালগঞ্জের কাছে পুতুল মারা যান।
সঞ্জয় দাবি করেন, মৃত্যুর আগে পুতুল তাকে বিস্তারিত বলে গেছেন। পুতুল জানিয়েছে, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে প্রদীপ তাকে বলেন, ‘তুই আমাকে কত ভালোবাসিস তা গায়ে আগুন দিয়ে দেখা।’ এই পর্যায়ে গায়ে কেরোসিন ঢেলে পুতুল আগুন ধরিয়ে দেন। সেই আগুনে পুড়ে তার মৃত্যু হয়।
হাসপাতালে চিকিৎসাধীন প্রদীপ এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, পারিবারিক বিষয় নিয়ে পুতুলের সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে পুতুলের ঘরের বাইরে যেতে চাইলে তিনি বাধা দেন এবং দরজা আটকে শুয়ে পড়েন। পুতুল ক্ষিপ্ত হয়ে পাশের ঘরে গিয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। তাৎক্ষণিক আগুন নেভানোর চেষ্টা করেন। এতে তার দু’হাত পুড়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতাল ভর্তি করে।
প্রদীপ আরো জানান, তিনি পুতুলকে খুব ভালোবাসেন। এক বছর আগে ইসলাম ধর্ম ত্যাগ করে তিনি পুতুলকে বিয়ে করেন। প্রতিবেশীদের অভিযোগ মিথ্যা বলে দাবি তার।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, আমরা তো শুধু ছেলের বক্তব্য শুনেছি। সে দাবি করেছে তার স্ত্রী নিজে গায়ে আগুন দিয়েছে। মেয়ের বক্তব্য পেলে বিষয়টি পরিষ্কার হতো। আপাতত প্রদীপকে আটক দেখিয়ে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানান তিনি।
