গুজবের বিষয়ে সবাইকে সচেতন থাকতে বললেন কাদের

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০৭:২৮ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘উস্কানিমূলক’ কিছু নজরে এলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জানান।

তিনি কারও ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনে কিছু না লেখার আহ্বানও জানিয়েছেন কাদের।

বুধবার সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসা থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, সম্প্রতি ধর্মীয় ইস্যুসহ নানান ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মতলবি-মহল উদ্দেশ্যমূলক গুজব ছড়াচ্ছে, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, তারা সামাজিক শান্তি, স্বস্তি এবং আমাদের ঐতিহ্যগত সকল ধর্মের মানুষের বন্ধুত্বপূর্ণ সহাবস্থান নষ্ট করতে চায়। এসব মিথ্যা প্রচারণা নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধ।

কাদের বলেন, সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রাম এবং কুমিল্লার মুরাদনগরে দুটি ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমাদের প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। হতে হবে পর-ধর্ম সহিষ্ণু। কেউ কারও ধর্মবিশ্বাসে আঘাত করে বা কটাক্ষ করে পোস্ট দেওয়া প্রত্যাশিত নয়। এ ধরণের উস্কানিমূলক পোস্ট শাস্তিযোগ্য অপরাধ।

ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করার পর তা উপেক্ষা করে সাধারণ মানুষের চলাচল এবং সংক্রমণ বাড়তে থাকার পরিপ্রেক্ষিতে কাদের শীতে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে সরকার কঠোর হতে যাচ্ছে বলে জানিয়েছেন।

শীত ‘সেকেন্ড ওয়েব’ নিয়ে বিশেষজ্ঞদের আশঙ্কার কথা মনে করিয়ে দিয়ে কাদের বলেন, ইতোমধ্যে ইউরোপের কয়েকটি দেশে নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন আরোপ করা হয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আমাদের দেশেও করোনায় আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এ প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সংকট নেই। সংকট চলছে বিএনপির রাজনীতিতে। বারবার আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে বিএনপির রাজনীতিতে এখন সংকটের কালো ছায়া পড়েছে। বিএনপির দলীয় নেতৃত্বের মধ্যেও এখন পারস্পরিক আস্থার সংকট চরমে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি কথায় কথায় গণতন্ত্রের কথা বলছে। তারা কোন গণতন্ত্রের কথা বলছে? তাদের ভাষায় গণতন্ত্র কি তাহলে হালুয়া-রুটির গণতন্ত্র?

বিএনপির গণতন্ত্র হচ্ছে এক চিমটি লবণ, এক মুষ্টি গুড় আর আধা সের পানির মিশ্রণের মতো গণতন্ত্র। গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া। এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে হলে সবাইকে আরও অনেক পথ ধরে সামনে এগিয়ে যেতে হবে।

বিএনপির মহাসচিব অভিযোগ করেছেন, সরকার মুক্তিযুদ্ধের সব অর্জন ধ্বংস করে দিচ্ছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ মন্তব্যের জবাবে হাসব না কাঁদব! যারা এখনো মুক্তিযুদ্ধবিরোধী এবং সাম্প্রদায়িক অপশক্তির দোসরদের বিশ্বস্ত আশ্রয়, তাদের মুখে এ কথা মানায় না। মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল বিএনপি। তাই তাদের মুখে স্বাধীনতার সুরক্ষার কথা মানায় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত