গোয়ালন্দের স্থগিত হওয়া উপজেলা পরিষদ উপনির্বাচন ১০ ডিসেম্বর

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১০:৪৭ পিএম

করোনাভাইরাস ও প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপনির্বাচন আগামী ১০ ডিসেম্বর হবে।

বুধবার দুপুরে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

হাবিবুর রহমান বলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে আগামী ১০ ডিসেম্বর ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন; যা বুধবার বিকেলে অফিশিয়ালভাবে জেনেছেন। করোনাভাইরাস ও প্রার্থীর মৃত্যুর কারণে উপনির্বাচনের তারিখ দুবার স্থগিত হয়। পুরাতন তফসিল অনুযায়ী অন্য প্রার্থীদের প্রার্থিতা বহাল থাকবে। তবে নতুন প্রার্থীও হতে পারবেন।

উপনির্বাচনে ১৫ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা ও ২৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিন।

একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন নিয়ে গঠিত গোয়ালন্দ উপজেলা। চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের মৃত্যুতে পদটি শূন্য হয়। গত ২৯ মার্চ হওয়ার কথা ছিল উপনির্বাচন। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৩ মার্চ নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। পরে উপনির্বাচনের ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণা করা হয় ১০ অক্টোবর। কিন্তু ১৪ সেপ্টেম্বর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডলের মৃত্যুতে আবারও স্থগিত হয় নির্বাচন।

বর্তমানে উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন দুজন। তারা হলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মোস্তফা মুন্সি ও বিএনপি মনোনীত মাহবুব আলম। তবে এখন নতুন করে মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত