কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন শ্রমিকলীগ নেতাকে ঢাকায় প্রেরণ

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১২:২৯ পিএম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি জুয়েল প্যাদার (৩৫) এক হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। তার ডান হাত ও দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করা হয়েছে।

গভীর রাতে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন বরিশালের চিকিৎসকরা।

বুধবার রাত ৮টার দিকে পটুয়াখালী জেলার কলাপড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত জুয়েলকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাত ১২টার দিকে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। তিনি গ্রামের ফারুক প্যাদার ছেলে এবং উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রাতে জুয়েল কলাপাড়া বাজার থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে পূর্ব রজপাড়া এলাকায় হাওলাদার বাড়ির সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। তারা কুপিয়ে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে এবং ডান হাত ও দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়।

স্বজনরা জানতে পেরে প্রথমে জুয়েলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১২টার দিকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১টার দিকে চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন।

আহত জুয়েলের ছোট ভাই জাকারিয়া প্যাদা জানান, তার ভাই জুয়েল প্যাদা আসন্ন নির্বাচনে স্থানীয় টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন।

এছাড়া তার ভাইয়ের বাধার কারণে বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীরার সহযোগী বশির, শিপন, সোহেল, হামীমসহ অন্যান্যরা এলাকায় নির্বিঘ্নে মাদক ব্যবসা করতে পারছিলেন না। এ কারণে তারা হত্যার উদ্দেশ্যে জুয়েল প্যাদাকে কুপিয়ে মুমূর্ষু আহত করেছে বলে তিনি অভিযোগ করেন।

কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ইকবাল হোসাইন জানান, জুয়েল প্যাদার অবস্থা আশঙ্কাজনক। তার উন্নত চিকিৎসা প্রয়োজন।

বরিশাল শের-ই-বাংলা মেডকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, গভীর রাতে কলাপাড়া থেকে কুপিয়ে জখম করা এক রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়া এবং বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভাসকুলার সার্জন না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাত ১টায় ঢাকায় পাঠানো হয়েছে।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত