সিরাজগঞ্জ-১ (সিরাজগঞ্জ সদর আংশি-কাজিপুর) আসনের উপনির্বাচন উপলক্ষে বুধবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া মুক্তমঞ্চে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তিনি এ জনসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তানভীর শাকিল জয়ের পক্ষে ভোট চাইলেন।
সিরাজগঞ্জ সদর উপজেলা যুবলীগ আয়োজিত এ নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
সিরাজগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি এস,এম বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা আবু ইউসুফ সুর্য, কেএম হোসেন আলী হাসান, বিমল কুমার দাশ, আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী সেখ, সিরাজগঞ্জ জেলা কৃষকলীগ নেতা আব্দুল লতিফ তারিন,সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।
প্রধান অতিথি নিখিল শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি তুলে ধরে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর নাতি ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে নৌকার প্রার্থী সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়কে আগামী ১২ নভেম্বর উপনির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
উল্লেখ্য,আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের মৃত্যুতে এ আসনটি শূন্য হওয়ায় আগামী ১২ নভেম্বর এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
