ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর করা ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদের নেতা নাজমুল হাসান সোহাগকে গ্রেপ্তারের পর তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।
বুধবার বিকেলে পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান জানান।
বৃহস্পতিবার সাত দিনের রিমান্ড চেয়ে সোহাগকে আদালতে পাঠালে ঢাকা মহানগর হাকিম কনক কুমার বড়ুয়া তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোহাগ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগ করেন তারই বিভাগের স্নাতকোত্তরের ওই ছাত্রী।
ধর্ষণ ও তাতে সহযোগিতার অভিযোগ এনে গত ২১ সেপ্টেম্বর লালবাগ থানায় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, নাজমুল হাসান সোহাগ ও নুরুল হক নূরসহ ছয়জনের বিরুদ্ধে একটা মামলা করেন ওই ছাত্রী।
পরদিন ধর্ষণ ও সামাজিক যোগাযোগে মাধ্যমে চরিত্র হননের অভিযোগ এনে রাজধানীর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন তিনি। এই মামলায়ও ওই ছয়জনকে আসামি করা হয়, তবে প্রধান আসামি করা হয় নাজমুল হাসান সোহাগকে।
মামলার অপর তিন আসামি হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম (২৮), সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা ও কর্মী আব্দুল্লাহহিল বাকী (২৩)।
