জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ

সওজের সাবেক প্রকৌশলী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০৬:৪১ এএম

৩ কোটি ৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাওয়েদ আলম ও তার স্ত্রী আনোয়ারা বেগমের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার কমিশনের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. নাসির উদ্দিন বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ তাদের বিরুদ্ধে  মামলা দুটি করেন।

মোহাম্মদ জাওয়েদ আলম সওজের ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্র“ভমেন্ট প্রজেক্টের সাবেক প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পিআরএল)। তার বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে, তিনি অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৪ লাখ ৬৪ হাজার ৭৮০ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করেন। যা দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

জাওয়েদের স্ত্রী আনোয়ারা বেগমের বিরুদ্ধে করা মামলায় তার স্বামী মোহাম্মদ জাওয়েদ আলমকেও আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসংগতিপূর্ণ ২ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৬২৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। যা দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত