আমদানি কম হওয়ার অজুহাতে মাত্র একদিনের দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৩৫-৪০ টাকা করে। একদিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচা মরিচ ৭৫/৮০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১১০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম হাতের নাগালের মধ্যে রাখতে বন্দর দিয়ে বেশ কিছুদিন ধরেই ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে।
তবে সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে কাঁচা মরিচ উঠতে শুরু করায় বাজারে এর সরবরাহ বেড়ে যায়।
যার কারণে দেশের বাজারে আমদানিকৃত কাঁচা মরিচের চাহিদা কিছুটা কমে যাওয়ার কারণে আগের তুলনায় দামও কমতে থাকে।
তিনি বলেন, আমদানিকারকরা লোকসানের ভয়ে বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি আগের তুলনায় খানিকটা কমিয়ে দিয়েছেন।
এতে করে গত ৪ নভেম্বর বুধবার বন্দর দিয়ে ২১ ট্রাকে ২২৪টন কাঁচা মরিচ আমদানি হলেও গতকাল ৫ নভেম্বর বৃহস্পতিবার ১৩টি ট্রাকে ১২৬ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।
দেশের বাজারে পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ কমার কারনেই কাঁচামরিচের দাম বাড়তে শুরু করেছে। আসলে কাঁচা পণ্যের দাম নির্ভর করে পণ্যটির সরবরাহের উপর, আমদানি বেশি হলে দাম কমবে আর আমদানি কম হলে দাম বাড়বে।
