‘সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ উসকানিমূলক কিছু লিখলে আইনি ব্যবস্থা নিন’

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১০:০২ পিএম

হিন্দুধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উসকানিমূলক কিছু লিখলে তদন্ত করে সে অনুযায়ী আইনি ব্যবস্থা নিতে হবে। তা না করে সাম্প্রদায়িক হামলা কখনোই কাম্য নয়, এটি স্বাধীন দেশের চেতনার পরিপন্থী।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ও ক্লাবের সামনে সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে হিন্দুদের কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে এসব কথা বলেন তারা।

বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু পরিষদ ও বাংলাদেশ হিন্দু পরিষদের ব্যানারে এই কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয়।

বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের মৌলানা মোহাম্মদ আকরম খাঁ হলে সংবাদ সম্মেলনে করে নিজেদের দাবি ও অবস্থানের কথা জানায় বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক বলেন, কেউ আইন অমান্য করলে আইন অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে। এর জন্য সাম্প্রদায়িক হামলা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি অগণতান্ত্রিক ও পাকিস্তানি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কমিশন গঠন ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।

সংবাদ সম্মেলনে সাবেক সাংসদ উষাতন তালুকদার বলেন, ধর্মীয় উন্মাদনায় অন্ধ না হয়ে এবং নিজেদের মধ্যে অহেতুক হানাহানি না করে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভিএইচপি বাংলাদেশের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল। সংবাদ সম্মেলনে ভিএইচপি বাংলাদেশের সভাপতি সহদেব চন্দ্র বৈদ্য, যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত নাথ, কোষাধ্যক্ষ সাধন চন্দ্র দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টার দিকে প্রেসক্লাবে সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু পরিষদ ও বাংলাদেশ হিন্দু পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সময়ে মানববন্ধন হলেও এই তিন সংগঠনের কর্মসূচি ছিল পৃথক।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ঢাকা মহানগর (দক্ষিণ), বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের নেতা-কর্মীরা অংশ নেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত