সবচেয়ে কম বয়সী সিনেটর থেকে সবচেয় বেশি বয়সী প্রেসিডেন্ট

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১১:৩২ পিএম

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী সিনেটর নির্বাচিত হন জো বাইডেন। এরপর যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। দারুণ উত্তেজনাপূর্ণ এক লড়াই শেষে তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারান। 

১৯৭০ সালে ডেলাওয়ারের নিউ ক্যাসল কাউন্টির কাউন্সিলম্যান নির্বাচিত হন জো বাইডেন। ৩০ বছর বয়সের মধ্যেই যুক্তরাষ্ট্রের সিনেটর হওয়ার স্বপ্ন পূরণ হয় তার। ১৯৭২ সালের নভেম্বরে তৎকালীন জনপ্রিয় রিপাবলিকান সিনেটর স্যালেব বগসের বিপক্ষে ডেমোক্র্যাটিক দল থেকে প্রার্থী হন তিনি। 

মাত্র ৩০ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী পঞ্চম সিনেটর নির্বাচিত হন। ’৭৩ থেকে টানা ২০০৯ সাল পর্যন্ত সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর ১৯৮৭ সালে একবার ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রেসিডেনশিয়াল প্রাইমারিতে লড়ার ঘোষণা দেন বাইডেন। তবে অসুস্থতার কারণে ১৯৮৮ সালে প্রাইমারির শুরুতে সরে দাঁড়ান। ২০০৭ সালে আবার প্রেসিডেন্ট পদে দলীয় প্রাইমারিতে নামেন। সেই যাত্রায় তিনি বারাক ওবামা আর হিলারি ক্লিনটনের বিপক্ষে তেমন সুবিধা করতে পারেননি। পরে ২০০৮ সালে ওবামা তাকে রানিংমেট হিসেবে বেছে নেন। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০১৯ সালের ২৫ এপ্রিল এক ভিডিওবার্তায় বাইডেন ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রাইমারিতে লড়াইয়ের আভাস দেন। দলীয় প্রাইমারিতে ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিস, ভারমন্টের সিনেটর উদারপন্থী বার্নি স্যান্ডার্স, ম্যাসাচুসেটসের এলিজাবেথ ওয়ারেন, পেটি বুটেগিগ, অ্যামি ক্লুবেচারকে পেছনে ফেলে তিনি ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত