শ্রীমঙ্গলে ট্রেন লাইনচ্যুত হওয়ায় ৫ ট্রেনের যাত্রা বাতিল

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১১:৫৮ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাতগাঁও রেলওয়ে স্টেশন আউটার সিগন্যাল এলাকায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন যোগযোগ বন্ধ রয়েছে।

শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-ঢাকাগামী ৫টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছে রেল কর্তৃপক্ষ। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম আহমেদ দেশ রূপান্তরকে বলেন, শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ৯৫১ নম্বর ট্রেনের ৬টি বগি শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পতিত হয়।

এরপর থেকে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর পারাবত এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, কালনি এক্সপ্রেস ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। সারা দিন কাজ করেও লাইন মেরামত করতে না পারায় সন্ধ্যা ৭টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকাপড়া জয়টিকা এক্সপ্রেস ট্রেন সিলেটে ফিরে যায়।

এ ছাড়া সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়। অপরদিকে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন যাত্রা বাতিল করা হয়। তবে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর পাহাড়ি এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়ায় রাতে সেই ট্রেনটি উদয়ন এক্সপ্রেস হয়ে চট্টগ্রাম ফিরে যাওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

সন্ধ্যায় ৫টি ট্রেনের যাত্রা বাতিল করায় মহা বিপাকে পড়েছেন শত শত যাত্রীরা। অনেকেই টিকিট কেটেছিলেন আসার যাওয়ার জন্য। কিন্তু রেললাইন স্বাভাবিক না হওয়ায় কেউ কেউ টিকিট ফেরত দিলেও  অনেককে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত