আওয়ামী লীগ নিজ নির্বাচনী অফিসে আগুন দিয়ে বিএনপি নেতাকর্মীদের বাসায় পুলিশ পাঠাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৮ আসনের বিএনপিপ্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেছেন, ধানের শীষের গণজোয়ার দেখে আওয়ামী লীগ নেতারা নিজ অফিসে আগুন দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে মাঠছাড়া করার ষড়যন্ত্র করছে। শুধু তাই নয়, রাতেই বিএনপির নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হয়রানি করছে। গতকাল শনিবার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেছেন।
পরে বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা হয়। আজ রবিবার সকাল ১০টায় উত্তরা ৬ নম্বর সেক্টর সংলগ্ন রেললাইন পার হয়ে জয়নাল মার্কেটের সামনে থেকে প্রচারণা শুরু করার কথা রয়েছে।
এস এম জাহাঙ্গীর বলেন, আওয়ামী লীগের প্রার্থী ও তার সমর্থক নেতাকর্মীরা নিজেদের অফিসে আগুন দিয়ে বিএনপি নেতাদের নামে মামলা দায়েরের ষড়যন্ত্র করছে। শুধু তাই নয়, নির্বাচনী এলাকার ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টির লক্ষ্যে নানা কর্মপরিকল্পনা করছে। এসব কর্মপরিকল্পনা-ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগ প্রার্থী প্রশাসন ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম নুরুল হুদাকে দিয়ে।
