একদিন পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ চালু

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১১:৩৭ এএম

সারাদেশের সঙ্গে ২৩ ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ চালু হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করার পর রবিবার সকাল ১১টার দিকে রেল চলাচল শুরু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দুলাল চন্দ্র দাশ।

এর আগে শনিবার বেলা ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় একটি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়।

দুলাল চন্দ্র দাশ বলেন, কুলাউড়া ও আখাউড়া থেকে বগি মেরামতকারী ইঞ্জিন এসে লাইনের উপর ছিটকে পড়া ওয়াগানগুলো সরিয়ে ট্রেনলাইন মেরামতের পর আজ সকাল এগারোটা থেকে ট্রেন চালু করা হয়েছে।

এর আগে গতকাল সিলেটের ট্রেনগুলো বাতিল করা হয়েছে। তবে সকালে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে এসেছে।

তিনি বলেন, লাইনে কাজ আরও এক সপ্তাহ চলবে। কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

উল্লেখ্য, গতকাল শনিবার বেলা ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেল স্টেশনের কাছে চানমারী এলাকায় সিলেটগামী তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়।

এতে ওয়াগান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যায়। ওই দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত