ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
রবিবার সকালে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের ময়মনসিংহের তারাকান্দা থানাধীন খিচা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনার শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি নয়ন দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সিএনজির যাত্রী সিরাজুল ইসলাম (৩২) ময়মনসিংহের ফুলপুর উপজেলার কালিখা গ্রামের রফুল ইসলামের ছেলে এবং চালক মঞ্জু মিয়া (২৫) নেত্রকোনার পূর্বধলা উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের আঞ্জু মিয়ার ছেলে।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি নয়ন দাস দেশ রূপান্তরকে জানান, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি সাব রাস্তা থেকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে উঠছিল। এমন সময় ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী দুটি ট্রাকের একটি আরেকটিকে ওভারটেক করার সময় একটি ট্রাক সিএনজির সামনের অংশে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে যাত্রী সিরাজুল ইসলাম মারা যান।
সিএনজি চালক মঞ্জু মিয়াকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরে বেলা সাড়ে ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঞ্জু মিয়ার মৃত্যু হয়।
ট্রাক ও সিএনজি শ্যামগঞ্জ হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে রয়েছে বলে তিনি জানান।
