সুদীপ্ত হত্যা মামলার আসামি মোক্তারকে চট্টগ্রাম আদালত ভবনে মারধরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সিআরবির জোড়া খুনের আসামি সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
রবিবার রিমান্ড শুনানি শেষে চট্টগ্রাম মহানগর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ এ আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে নগরীর সিআরবি এলাকা থেকে লিমনকে গ্রেপ্তারের পর তার সহযোগী সজল দাশকেও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। ওই মামলায় গত শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়।
সিএমপির সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমেদ জানান, অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার মামলায় লিমন ও সজল দাশের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে সাইফুল আলম লিমনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ এবং আসামি সজলকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
১২ অক্টোবর সকালে চট্টগ্রাম আদালত ভবনে একটি মারামারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিমনকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। ওই মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি তার সহযোগী সজল দাশের কাছে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অস্ত্র মামলায় দুজনকেই আসামি করে মামলা হয়।
