জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন (মুজিববর্ষ) উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত বাইসাইকেল অভিযান শুরু করেছে সেনাবাহিনীর একটি দল।
গতকাল রবিবার দুপুরে তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টে বেলুন এবং পায়রা উড়িয়ে এ অভিযানের উদ্বোধন করেন সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল নজরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে এই সাইকেল অভিযান হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো জনসাধারণের আস্থার একটি স্থান এবং এ দায়িত্ব যেকোনো মূল্যে পালন করে যাবে।’ তিনি আরও বলেন, ‘দেশের সার্বিক কল্যাণে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সরকারপ্রধানের যেকোনো উদ্যোগকে সেনাবাহিনী অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সফলভাবে সম্পন্ন করার জন্য অবদান রাখবে।’
তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে যাত্রা শুরু করার সময় লাল-সবুজ পোশাকে সজ্জিত সেনাসদস্যদের রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয়রা অভিনন্দন জানান। ১০টি স্থানে যাত্রাবিরতি করে আগামী ৩ ডিসেম্বর টেকনাফে পৌঁছাবেন সেনাবাহিনীর সাইক্লিস্টরা। ওইদিন সেখানে আনুষ্ঠানিকভাবে ১০১০ কিলোমিটার পথের এ অভিযান সমাপ্ত হবে। একই সঙ্গে একাত্তরের চেতনা ধারণ করার জন্য সব সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৭১ সাইক্লিস্ট অপরাজেয় বাইসাইকেল অভিযান অব্যাহত রাখবেন বলে জানান আয়োজকরা।
