রাজশাহীর বেসরকারি শাহমখদুম মেডিকেল কলেজ বন্ধের সরকারি সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে মানববন্ধন হয়েছে। গতকাল রবিবার নগরীর জিরো পয়েন্টে শিক্ষার্থী এবং আলুপট্টিতে কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা বলেন, শাহমখদুম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। পড়ালেখা শেষ করলেও প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ হয়নি। এ অবস্থায় দ্রুত অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেশন এবং প্রতারণায় জড়িত কলেজের ব্যবস্থাপনা পরিচালকের শাস্তি দাবি করেন তারা। মানববন্ধনে শিক্ষার্থী মামুনুর রশীদ, শাকিলা দিল আফরোজ মিষ্টি, অভিভাবক আবদুর রউফ খান রতন প্রমুখ অংশ নেন।
অন্যদিকে কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে তারা বেকার হয়ে পড়বেন। পরিবার নিয়ে দুর্দশা বাড়বে। বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা।
২০১৪ সাল থেকে শাহমখদুম মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। বর্তমানে সাতটি ব্যাচে ২২৫ শিক্ষার্থী রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে গত ২ নভেম্বর শাহমখদুম মেডিকেল কলেজ বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এক চিঠিতে মন্ত্রণালয় শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধীনস্ত অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজে মাইগ্রেশনের ব্যবস্থার নির্দেশ দিয়েছে।
