মাদক মামলায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো বা এনসিবি-র হাতে আটক হয়েছে বলিউডের প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী শাবানা সাঈদ। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে প্রযোজককেও।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মাদক মামলায় রবিবার গ্রেপ্তার হয়েছেন ফিরোজের স্ত্রী ও চারজন মাদক পাচারকারী। তাদের মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আর এনসিবি ফিরোজ নাদিয়াদওয়ালাকেও সমন পাঠিয়েছে।'
রবিবার সকাল থেকে মুম্বাইয়ের একাধিক জায়গায় তল্লাশি চালায় এনসিবি-র গোয়েন্দারা। ফিরোজ ও শাবানার জুহুর বাড়িতেও যান তারা। সেখান থেকেই ১০ গ্রাম মারিজুয়ানা উদ্ধার করা হয়।
আটক এক কারবারির কাছ থেকেই শাবানা মাদক কিনেছিলেন বলে জানতে পারে এনসিবি।
এনসিবি-র দাবি, বাড়িতে তল্লাশি চালানোর সময় ১০ গ্রাম মারিজুয়ানা উদ্ধার করা হয়েছে। সেটি কয়েক দিন আগে আটক ওয়াহিদ আবদুল কাদির শেখ ওরফে সুলতানের কাছ থেকে নিয়েছিলেন শাবানা। এনডিপিসি অ্যাক্টে শাবানাকে নোটিশ পাঠানো হয়েছে। তার জবানবন্দি নিয়েছে তদন্তকারীরা।
আগেই ফিরোজ নাদিয়াদওয়ালাকে সমন পাঠিয়েছিল এনসিবি। মুম্বাইয়ের বিলাসবহুল এলাকায় তাদের বাড়িতে তল্লাশির কথাও বলা হয়েছিল। বলিউডে মাদক-চক্রের ঘটনাতেই এই নোটিশ পাঠানো হয়। কয়েক দিন আগে এক মাদক কারবারি এনসিবি-র হাতে আসার পর থেকেই প্রযোজককে চোখে চোখে রাখেন গোয়েন্দারা।
ফিরোজ নাদিয়াদওয়ালা প্রযোজিত ছবির মধ্যে রয়েছে পাওয়ার, ওয়েলকাম, ফুল অ্যান্ড ফাইনাল, ফির হেরা ফেরি, দিওয়ানে হুয়ে পাগল, আন: মেন অ্যাট ওয়ার্ক, আওয়ারা পাগল দিওয়ানা, কার্তুজ, ঘর হো তো অ্যায়সা প্রভৃতি।
বলিউড ও দক্ষিণ ভারতের সিনে ইন্ডাস্ট্রি কয়েক মাস ধরে মাদক কেলেঙ্কারি নিয়ে সরগরম। বলিউডে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুর ও রাকুল প্রীত সিংসহ অনেকে। তবে সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী ছাড়া কোনো তারকাকে জেলে যেতে হয়নি। অন্যদিকে দক্ষিণ ভারতীয় কয়েকজন অভিনেতা গ্রেপ্তার হয়েছে।
