নীলফামারীর ডোমার পাঙ্গা চৌপথি আব্দুল মজিদ আলিম মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে মানববন্ধনসহ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাদ্রাসার সামনে সড়কে ওই কর্মসূচি পালন করে বঞ্চিত চাকরি প্রার্থী ও এলাকাবাসী।
ওই মানববন্ধনে মাদ্রাসাটিতে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অর্ধকোটি টাকার বাণিজ্যের অভিযোগ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থী আব্দুল আজিজ, লাভলী বেগম, নুর জামান, ছাত্রলীগ নেতা আব্দুল মতিন প্রমুখ।
বক্তারা বলেন, ডোমার পাঙ্গা চৌপথি আব্দুল মজিদ আলিম মাদ্রাসা তিনটি শূন্য পদ অফিস সহকারী কাম হিসাব সহকারী, আয়া ও নিরাপত্তাকর্মী পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি আহ্বান করে মাদ্রাসা কর্তৃপক্ষ। এতে অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে ১৮ জন, আয়া পদে ৩ জন এবং নিরাপত্তাকর্মী পদে ৭জনসহ মোট ২৮ জন আবেদনপত্র জমা দেন। আবেদনপত্র যাচাই-বাছাই শেষে মাদ্রাসা কর্তৃপক্ষ সুকৌশলে নিয়োগ পরীক্ষাটি গত ৬ নভেম্বর এলাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে রংপুর জেলার তারাগঞ্জ ও.এ ফাজিল মাদ্রাসায় নেন। ওই তিনটি পদে ২৮ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১৮ জন। এতে অফিস সহকারী কাম হিসাব সহকারী, নিরাপত্তাকর্মী ও আয়া পদে তিনজনকে অর্থের বিনিময়ে নিয়োগ প্রদান করেন। তারা সেখানেই ক্ষান্ত না হয়ে ওই তিনটি পদে মোট ১২ জনের কাছ থেকে অর্ধ লক্ষাধিক টাকা হাতিয়ে নেন।
তবে নিয়োগ বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেছেন মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পাঙ্গা মটুকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল হোসেন।
