সাধারণ বীমা করপোরেশনের নিউমার্কেট শাখার সাবেক ব্যবস্থাপক মো. আবুল কাশেমের বিরুদ্ধে গতকাল সোমবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তার বিরুদ্ধে ২৬ কোটি ১৪ লাখ ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এর করা মামলার বাদী দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক। দুদকের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারে বলা হয়েছে, সাধারণ বীমার প্রধান কার্যালয়ের শাখা-৯ নিউমার্কেটের সাবেক ব্যবস্থাপক ও শাখাপ্রধান আবুল কাশেম অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে তৈরিকৃত নথিকে আসল হিসেবে ব্যবহার করে ব্যাংক হিসাব খোলেন। তিনি ওই হিসাবে বীমা প্রিমিয়ামের টাকা জমা করে ওই টাকা থেকে ২৬ কোটি ১৪ লাখ ৯৮ হাজার ২০৩ নগদ তুলে নেন। তিনি এসব অর্থ ব্যাংক হিসাবে স্থানান্তর করে আত্মসাৎ করেন। এসব অর্থ বৈধ করার উদ্দেশ্যে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করেন; যা দণ্ডবিধি, দুদক আইন ও অর্থ পাচার প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।
