নাসিরনগরে মামাকে বাঁচাতে গিয়ে কলেজছাত্র খুন

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ০২:৩৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মামাকে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচাতে গিয়ে খুন হয়েছেন তরুণ কবি, সংস্কৃতিকর্মী ও কলেজছাত্র সৈয়দ মোনাব্বির আহমেদ তনন।

সোমবার দিবাগত রাত ৯টার দিকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

মোনাব্বির তনন উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামের সৈয়দ বাড়ির মৃত সৈয়দ শিব্বির আহমেদের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মাস্টার্স (রাষ্ট্রবিজ্ঞান) শেষ বর্ষের ছাত্র ও সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি।

সৈয়দ মোনাব্বির আহমেদ তননের ছোট মামা সৈয়দ ইব্রাহিম সোহান জানান, আলিয়ারা সৈয়দ বাড়ির পাশে একটি সরকারি খাল রয়েছে। সম্প্রতি এই খালে মাছ ধরার জন্য বাঁধ দেন একই এলাকার মোবাশ্বিরের বাড়ির লোকজন।

বাঁধের কারণে সৈয়দ আবু তাহেরের বাড়ির একটি সাঁকো পানির নিচে চলে যায়।

এ নিয়ে গত রবিবার দুপুরে আবু তাহেরের বাড়ির সৈয়দ মাসুদ আহমেদের বাদানুবাদ ও হাতাহাতি করেন মোবাশ্বিরের বাড়ির মুছন মিয়ার ছেলে উসমান।

সোমবার সকালে এলাকার বিশিষ্টজনেরা বিষয়টি মীমাংসা করে দেবেন বলে দু’পক্ষকে জানান।

এদিন বেলা আড়াইটার দিকে সৈয়দ আবু তাহেরের ছেলে সৈয়দ সুমন আহমেদ ও তার বোনের ছেলে সৈয়দ মোনাব্বির আহমেদ তনন বাড়ির পাশের একটি মুরগি ফার্ম থেকে বাড়ি ফেরার পথে মোবাশ্বিরের বাড়ির ১০/১৫ জন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সুমনের ওপর হামলা চালায়। এ সময় সৈয়দ মোনাব্বির তনন মামাকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা তননের মাথায়, শরীরের বিভিন্ন অংশে ও পায়ে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় তননকে প্রথমে নাসিরনগর ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় তার অবস্থার অবনতি ঘটে। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন।

ঢাকায় নেয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু ঘটে।

সৈয়দ মোনাব্বির তননের মৃত্যুর খবর পেয়ে পুলিশ এলাকায় ব্যাপক অভিযান চালায়। এ সময় পার্শ্ববর্তী গুনিয়াউক এলাকা থেকে পুলিশ সরফরাজ মিয়ার ছেলে তোফাজ্জল হোসেনকে (৩৫) আটক করে।

নাসিরনগর থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, খবর পাওয়ার পরই আমি নাসিরনগর থানা-পুলিশকে কঠোরভাবে বিষয়টি দেখার জন্য নির্দেশনা দিয়েছি। এ ঘটনায় কেউ ছাড় পাবে না।

এদিকে তরুণ কবি, সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির তনন খুনের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কবি-লেখক-সংস্কৃতিকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চলছে প্রতিবাদের ঝড়।

মঙ্গলবার সকালে জেলা সদর হাসপাতালের তননের লাশ দেখতে এসে প্রতিবাদ সভায় মিলিত হন তারা। তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদের উপদেষ্টা ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সাংগঠনিক সম্পাদক মো.মনির হোসেন,জেলা খেলাঘর আসর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার,প্রবর্তক আবৃত্তি সংসদ সাধারণ সম্পাদক সোহেল আহাদ,কলেজশিক্ষক ও কবি পারভেজ রায়সহ অনেকে।

সভায় বক্তারা দ্রুত খুনিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত