টেকনাফের নাফ নদী থেকে নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ১১:৪৩ পিএম
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপির) সদস্যরা মাছ ধরার একটি নৌকাসহ ৯ জন বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে। 
 
মঙ্গলবার বিকেল ৫ টার দিকে  বঙ্গোপসাগর ও নাফনদীর মোহনায় এ ঘটনাটি ঘটে। জেলেদের পরিচয় পাওয়া না গেলেও তারা সকলে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বাসিন্দা বলে জানা গেছে।
 
টেকনাফ উপজেলার সাবরাং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ নুরুল আমিন জানান, মঙ্গলবার সকালে  নাফনদীর মোহনায় টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি নৌকা ৯ জন জেলে নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে নাফ নদী ও সাগরের মোহনায় নৌকাটি ভাসতে থাকে। বিকেলে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা ভাসমান অবস্থায় জেলেসহ নৌকাটিকে ধরে মিয়ানমারের হাসসুরাতা সীমান্ত চৌকিতে নিয়ে যায়। 
 
 এ ব্যাপারে টেকনাফ ২নং বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান দেশ রূপান্তরকে জানিয়েছেন, নৌকাসহ জেলেদের ফেরত চেয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত