আলো কাড়লেন কাদির, হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ১১:৫০ পিএম

কিংবদন্তি আব্দুল কাদিরের ছেলে উসমান কাদির দুর্দান্ত বোলিংয়ে আলো কাড়লেন। ৪ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে করলেন কোণঠাসা। এই লেগির আলো ছড়ানো দিনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সহজ জয় পেল পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে তাতে হোয়াইটওয়াশ হতে হলো জিম্বাবুয়েকে।

মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

২৭ বছর বয়সী উসমান কাদির ৪ ওভার বল করে ১৩ রান খরচায় নেন ৪ উইকেট। হয়েছেন ম্যাচসেরা। ইমাদ ওয়াসিম নিয়েছেন ২ উইকেট।

টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৯ উইকেটে ১২৯ রানের বেশি করতে পারেনি। জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে ১৫.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

ওপেনার ফখর জামান (২১) ও তিনে নামা হায়দার আলি (২৭) ভালো শুরু পেয়েও ফিরে যান। তবে আরেক ওপেনার (অভিষিক্ত) আব্দুল্লাহ শফিকের ৩৩ বলে অপরাজিত ৪১ ও খুশদিল শাহর ১৫ বলে অপরাজিত ৩৬ রানে জয় তুলে নেয় পাকিস্তান।

এর আগে জিম্বাবুয়ের পক্ষে ব্যাট হাতে অধিনায়ক চামু চিবাবা (৩১) ও ডোনাল্ড তিরিপানো (২৮) ছাড়া সবাই ছিলেন ব্যর্থ।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে এ নিয়ে ১৪ বারের দেখায় সব কটিতে জিতল পাকিস্তান। এক প্রতিপক্ষের বিপক্ষে টানা জয়ের ক্ষেত্রে যা সর্বোচ্চ।

এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার এলটন চিগুম্বুরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত