নীলফামারীতে এক নারীকে পাচারের মামলায় স্বামী-স্ত্রীকে ছয় বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। এ ছাড়া ওই দম্পতিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে আসামিদের অনুপস্থিতিতে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-১-এর বিচারক আহসান তারেক ওই দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন রংপুর জেলা শহরের পায়রা চত্বর পুলিশ ফাঁটি মোড় এলাকার বাসিন্দা আলতাফ হোসেন (৬৬) ও তার স্ত্রী নাজমা বেগম (৫৬)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জেলার জলঢাকা উপজেলার পূর্ববলা গ্রামের ওই নারীকে (২৫) পূর্বপরিচয়ের সূত্র ধরে ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি নিজ বাসার গৃহকর্মী হিসেবে নিয়ে যান আলতাফ হোসেন ও তার স্ত্রী নাজমা বেগম। এরপর তার বড় ভাই কয়েক দফা ওই বাড়িতে গিয়ে বোনকে পাননি। এ ঘটনায় ওই নারীর ভাই একই বছরের ১ জুন আদালতে মামলা করেন।
