নিখোঁজের পাঁচ দিন পর জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনের পাশ থেকে বস্তাবন্দি অর্ধগলিত অবস্থায় এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোরে আক্কেলপুর উপজেলার জোয়ানা রেলব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই কিশোরের নাম নাজমুল হোসেন (১৪)। সে নওগাঁর বদলগাছী উপজেলার পূর্ব খাদাইল গ্রামের আলামিন হোসেনের ছেলে ও স্থানীয় খাদাইল উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর শুক্রবার বিকেলে একটি বিয়ের অনুষ্ঠান থেকে নাজমুলের মোবাইলে কল এলে সে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়া গেলে পরদিন শনিবার মোবাইল থেকে কল করে এক ব্যক্তি ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে চাইলে ফোন কেটে দেয়। পরে ওই দিন চারজনকে আসামি করে বদলগাছী থানায় অপহরণ মামলা করেন নাজমুলের বাবা। পরে বুধবার ভোরে বস্তাবন্দি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
নাজমুল হোসেনের বাবা আলামিন বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবদুল লতিফ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বস্তাবন্দি অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তর জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তর পর আইনি প্রক্রিয়ায় লাশটি বদলগাছী থানায় হস্তান্তর করা হবে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রায়হান হোসেন বলেন, নাজমুলের বাবা গত শনিবার থানায় একটি অপহরণ মামলা করলে চারজনকে আটক করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতু নামের এক মেয়েকে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তর পর ঘটনার সত্যতা জানা যাবে।
