মৌলভীবাজারের ভাটেরা রেলওয়ে স্টেশনের কাছে মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে গতকাল বুধবার সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল। পরে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস সিলেটের মাইজগাঁও স্টেশনে এবং চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস মৌলভীবাজারের কুলাউড়া স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
সিলেট রেলওয়ে স্টেশনের মাস্টার জাহাঙ্গীর আলম জানান, মাইজগাঁও স্টেশন থেকে ছেড়ে যাওয়া সারবাহী একটি ট্রেন ভাটেরা স্টেশনের অদূরে মোমিনছড়া এলাকায় গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে লাইনচ্যুত হয়। ট্রেনটির একটি বগির ৪টি চাকা নেমে যায়। বগি উদ্ধার করার পর সন্ধ্যা পৌনে ৬টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়। গত ৭ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় ২৩ ঘণ্টা সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল।
