নাইমুলের মৃত্যু

প্রথম আলো সম্পাদকসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ০৭:০১ এএম

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ অভিযোগ গঠন করে ১৪ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ ধার্য করেন। মতিউর রহমান ছাড়াও মামলার অন্য অভিযুক্তরা হলেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মহিতুল আলম, পত্রিকাটির হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরান তুষার, শুভাশীষ প্রামাণিকসহ জসীম উদ্দিন, মোশাররফ হোসেন, সুজন ও কামরুল হাওলাদার। এ মামলার অভিযোগপত্রভুক্ত প্রথম আলোর সহযোগী সম্পাদক ও পত্রিকাটির কিশোর সাময়িকী ‘কিশোর আলো’র সম্পাদক আনিসুল হককে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এহসানুল হক সমাজী। বাদীপক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক আসিফ।

গত বছরের ১ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে ‘কিশোর আলো’র একটি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয় নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাত। এরপর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত