ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ে ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের চেষ্টা করছে রাশিয়া।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার ডেপুটি চিফ অব মিশন রোমান বাবুশকিন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, চুক্তি অনুযায়ী ২০২১ সালের শেষ দিকে ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম ব্যাচ সরবরাহের কথা রয়েছে।
এদিন বাবুশকিন জানান, নয়াদিল্লির সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরের পথে হাঁটছে মস্কো।
তিনি আরও জানান, কয়েক বিলিয়ন ডলার মূল্যের একটি প্রজেক্টের আওতায় ভারতীয় সেনাবাহিনীর জন্য ২০০টি মাল্টিপারপাস কেএ-২২৬ হেলিকপ্টার যৌথভাবে তৈরি করবে ভারত ও রাশিয়া।
ভারত-যুক্তরাষ্ট্র বিইসিএ সামরিক চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে বাবুশকিন বলেন, ‘কৌশলগত ক্ষেত্রে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের দিকে নজর রেখেছি আমরা। তবে আমরা বিশ্বাস করি যে সেই সম্পর্ক ভারত-রাশিয়ার মধ্যে থাক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সময় ২০১৮ সালের ৫ অক্টোবর ৫০০ কোটি ডলার দিয়ে ওই প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে চুক্তি হয় দুই দেশের মধ্যে।
পরের বছরের জানুয়ারিতে বিবৃতি দিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এস-৪০০ হস্তান্তর শুরু হবে ২০২০ সালে আর ২০২৩ সালের মধ্যে তা শেষ হবে।
এই অস্ত্র চুক্তি নিয়ে ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে তাদের সর্বাধুনিক, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ কেনার বিষয়টি ভালোভাবে নেয়নি ট্রাম্প প্রশাসন।
কাউন্সিল অন ফরেন রিলেশনসের সামরিক বিশ্লেষকদের মতে, ‘এস-৪০০’ একই সময়ে ৩৬টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। একই সময়ে ৭২টি রকেট ছুড়তে সক্ষম এটি। এই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে দূরপাল্লা, মাঝারিপাল্লার এমনকি স্বল্পপাল্লার রকেট ছোড়া যায়।
