আগুন দেওয়ার ঘটনায় ‘কল রেকর্ড’ বিশ্লেষণ করছে পুলিশ: মনিরুল ইসলাম

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১০:২৯ পিএম

রাজধানীর বেশ কয়েকটি জায়গায় হঠাৎ বাসে আগুন দেওয়ার ঘটনায় একটি কল রেকর্ড পাওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান  মো.  মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছে।

তিনি বলেছেন, কল রেকর্ড বিশ্লেষণ করা হচ্ছে। যারা কথা বলেছেন তাদের পরিচয় জানতে কাজ করা হচ্ছে। এই কল রেকর্ড মামলা প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে কাজ করবে। কল রেকর্ড আর আগুনের ঘটনার সঙ্গে কথোপকথনের মিল রয়েছে।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

মনিরুল ইসলাম বলেন, যেহেতু আগুন দেওয়ার সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি, সেহেতু কারা আগুন দিয়েছে তা তদন্ত করে জানা যাবে। তবে বিএনপি ও ছাত্রদল বসুন্ধরা এলাকায় মিছিল করেছে, এ সময় গাড়ি ভাঙচুরকালে দুজনকে আটক করা হয়েছে। জাতীয় প্রেসক্লাব ও নয়াপল্টন এলাকাতেও মিছিল করেছে। এরপরই মূলত আগুন দেওয়ার ঘটনা ঘটে। তাই বিএনপি নেতা–কর্মীরা জড়িত থাকতে পারে। তদন্তের পরই সবকিছু পরিষ্কার হবে।

তবে বিএনপি নেতারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলছেন, বাসে আগুনের ঘটনায় সরকারের এজেন্টরাই দায়ী। ভোট কারচুপি ও অনিয়ম আড়াল করতেই তারা এই ঘটনা ঘটিয়েছে। অতীতের মতো এখনো তারা বিএনপিকেই দায়ী করে যাচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর যে ফোনালাপের কথা আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনী বলছে, তা বানোয়াট।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজধানী ঢাকার একাধিক স্থানে ৯টি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত