ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে ভাঙ্গা-রাজশাহী রেলপথে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রাংগাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ভুবুকদিয়া-কৃষ্ণপুর সড়কের রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, নিহত দুজন ধানমাড়াইয়ের শ্রমিক ছিলেন। তারা ধানমাড়াইয়ের যন্ত্র নিয়ে ভুবুকদিয়া থেকে শ্রীরামদিয়া গ্রামে যাওয়ার পথে ভাঙ্গা থেকে রাজশাহীগামী মধুমতী আন্তঃনগর ট্রেনটি তাদের চাপা দিলে তারা ঘটনাস্থলেই নিহত হন। তারা হলেন নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামের ওয়াজেদ মোল্লার ছেলে ওহেদ মোল্লা (৪০) ও একই ইউনিয়নের পোড়াদিয়া গ্রমের শাহেদ আলীর ছেলে লিটন মোল্লা (৩০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, পাশাপাশি গ্রামের ছেলে ওহেদ ও লিটন ধানমাড়াইয়ের শ্রমিক। তারা ধানমাড়াইয়ের যন্ত্র নিয়ে রেল ক্রসিং পার হওয়ার সময় আন্তঃনগর ট্রেন মধুমতী তাদের চাপা দিলে তারা দুজন ঘটনাস্থলেই নিহত হন।
