আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১০:৪৪ এএম

কালীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ত্রিপুরার আগরতলা স্থলবন্দর ব্যবসায়ী কর্তৃপক্ষ।

শনিবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

আখাউড়া সিএন্ডএফ অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ফোরকান ফলিফা দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কালীপূজা উপলক্ষে শনিবার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

এ ব্যাপারে আগরতলা স্থলবন্দর ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বন্ধের সিদ্ধান্ত নিয়ে আগেই আখাউড়া স্থলবন্দর ব্যবসায়ী নেতাদের বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন।

রবিবার সকাল থেকে মাছ রপ্তানির মধ্য দিয়ে স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হবে বলে জানান তিনি।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মীর হোসাইন দেশ রূপান্তরকে জানান, কালীপূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও আখাউড়া স্থলবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সব কার্যক্রম অব্যাহত রয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আবদুল হামিদ জানান, বন্দরে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতির কারণে দুদেশে আটকেপড়া পাসপোর্টধারী ও কূটনৈতিক, ব্যবসায়ী ও মেডিকেল পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত