নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মালবাহী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইকবাল হোসেন (২৮) নামের এক যাত্রী নিহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে আক্তার মিয়ার হাট-সোনাপুর সড়কের লেঙ্গার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা এলাকার আকবর হোসেন সওদাগরের ছেলে। তিনি স্থানীয় ছমিরহাট বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সিএনজিঅটোরিকশাযোগে ইকবাল হোসেনসহ কয়েকজন যাত্রী আক্তার মিয়ারহাটের দিকে যাচ্ছিল। পথে তাদের বহনকারী সিএনজিটি লেঙ্গার দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি পিকআপভ্যান তাদের সিএনজিকে সামনে থেকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় ইকবালকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ দুর্ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
