বিএনপি সমর্থক সাত মামলার আসামির লাশ উদ্ধার

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১০:০১ পিএম

সীতাকুণ্ডে নিখোঁজের চার দিন পর শনিবার দুপুরে সাগর উপকূল থেকে জামসেদ (২৮) নামের বিএনপি সমর্থক সাত মামলার আসামি এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে একইদিন দুপুরে নিখোঁজ ব্যক্তির উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করে পরিবারের লোকজন।

গত বুধবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পরদিন থানায় আঠারো জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে নিহতের স্ত্রী। এর মধ্যে দুজনকে আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় নিখোঁজ হন উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মো. নুরুজ্জামানের পুত্র মো. জামসেদ উদ্দিন। স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে দ্বন্দ্বের জেরে তিনি নিখোঁজ হন বলে পরিবারের লোকজন ধারণা করেন। ফলে নিখোঁজের পরদিন স্থানীয় যুবলীগের ১৮ জন নেতা কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন নিখোঁজের স্ত্রী। পুলিশ সাইফুল্লাহ ও জুয়েল নামের দুই আসামিকে আটক করে আদালতে প্রেরণ করেছে।

অন্যদিকে, নিখোঁজের সন্ধান লাভের দাবিতে শনিবার সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন পরিবারের লোকজন। এ সময় নিহতের স্ত্রী ও বড় ভাই জীবিত অথবা মৃত হলেও জামসেদকে ফেরত পেতে সাংবাদিকদের সহযোগিতা চান। সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর সৈয়দপুর ইউনিয়নের বসরত নগর সাগর উপকূলে বস্তাবন্দী লাশ পাওয়ার খবর আসলে পুলিশ লাশ উদ্ধার করে। জামসেদের বড় ভাই নাসির উদ্ধারকৃত লাশ তার ভাই জামসেদের বলে চিহ্নিত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত সুমন বণিক আরও জানান অধিকতর তদন্ত করে এই ঘটনায় কারা জড়িত খুঁজে বের করা হবে। ডাকাতি, ছিনতাই, নাশকতাসহ নিহতের নামে থানায় সাতটি মামলা রয়েছে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত