জিনের ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ১

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ০১:৫২ এএম

রাজধানীর কদমতলী এলাকা থেকে ইন্টারনেটে প্রতারণা ও পর্নোগ্রাফি করার অভিযোগে রমেন হাওলাদার (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গত শুক্রবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জিনের ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শনিবার রমেন হাওলাদারের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম। তিনি দেশ রূপান্তরকে বলেন, অভিযুক্ত রমেন সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে অমিল, মনের মানুষকে কাছে পাওয়া, পরীক্ষায় ভালো রেজাল্ট, জমির ঝামেলাসহ বিভিন্ন বিষয়ে জিনের দ্বারা সমাধানের নিশ্চয়তার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করত। বিশেষ করে মহিলাদেরকে আকৃষ্ট করে কথাবার্তা বলে কৌশলে ব্যক্তিগত ছবি বা ভিডিও সংগ্রহ করত।

সাইবার অপরাধ তদন্ত বিভাগ বলছে, বিভিন্ন মেয়েদের ছবি ও ভিডিও দিয়ে জিনের ভয়ভীতি দেখিয়ে এবং ছবি ভাইরাল করার হুমকি দিয়ে বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করত।  পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘কয়েকজন ভুক্তভোগী সাইবার অপরাধ তদন্ত বিভাগে অভিযোগ করলে প্রযুক্তি ব্যবহার করে বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত