জমি সংক্রান্ত দ্বন্দ্বে ভাতিজার ছুরির আঘাতে চাচা আব্দুল হাশেম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার সকাল ৮টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিরিশিরি ইউনিয়নের বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাশেম একই গ্রামের মৃত জব্বর মুন্সির ছেলে।
অভিযুক্তরা হলেন- নিহতের ছোট ভাই আব্দুল লতিফ ও তার ছেলে ভাতিজা লাবু (১৮)।
অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সোমেশ্বরী নদীর ওপর পাড় গাঁওকান্দিয়া ইউনিয়নের কানাই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নিহতের আরেক ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল লতিফ ও আব্দুল হাশেম দুই ভাই একসঙ্গে ব্যবসা করতেন। বড় ভাই হাশেমের সরলতার সুযোগে ব্যবসার উপার্জিত অর্থ দিয়ে ছোট ভাই লতিফ জমি কিনে নিজ নামে দলিল করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রায় ২০-২২ বছর ধরে দ্বন্দ্ব বিরাজমান ছিল এবং সামাজিকভাবে দেন-দরবার হলেও কোনো সুরাহা হয়নি।
বড় ভাই হাশেম এবার আমন মৌসুমে বনগাঁও গ্রামে বাড়ির পাশে জমিতে ধান বপন করেন।
এই জমিতে সোমবার সকাল ৮টার দিকে সোমেশ্বরী নদীর ওপার হতে ঘটনাস্থল বনগাঁও গ্রামে এসে ছোট ভাই লতিফ ও ভাতিজা লাবু ধান কাটতে থাকেন।
এতে হাশেম বাধা দিলে তর্ক-বিতর্কের এক পর্যায় ভাতিজা লাবু পকেট থেকে ধারালো ছোরা দিয়ে চাচার গলায় আঘাত করেন।
পরে স্থানীয়রা দ্রুত হাশেমকে আহত অবস্থায় উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম দেশ রূপান্তরকে বলেন, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে এবং তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
তবে জিজ্ঞাসাবাদে জন্য নিহতের ভাই আব্দুর রাজ্জাককে থানায় আনা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
