যুবলীগ মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে: পরশ

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ০৮:২৫ পিএম

কেন্দ্রীয় যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

সোমবার বিকেল ৩টার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান নেতারা।

পরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, শেখ সোহেল উদ্দিন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, মো. রফিকুল আলম, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ বলেন, যুবলীগ মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। আমরা দলে পদবীতে কে কোন পদ পেল তাতে বিশ্বাস করি না। দেশের জন্য কে কতটুকু দিতে পারল সে দিকে বিচার করা হবে।

তিনি আরো জানান, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের এ দলে ঠাঁই হবে না। দেশে যেসব জেলায় কমিটি করা হয়নি, সে কমিটিগুলোও হালনাগাদ করা হবে। দলকে তৃনমূল থেকে শক্তিশালী করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত