হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০টি স্বর্ণের বারসহ দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম।
বুধবার উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৬ কেজি ৯০০ গ্রাম। যার মূল্য ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার (প্রতিরোধ) মারুফ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আগত ফ্লাইট নং ইকে-৫৮২ এর মাধ্যমে আসা যাত্রীর কাছ থেকে লুকানো অবস্থায় ৬০টি স্বর্ণবার পাওয়া যায়।
আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান তিনি।
