বগুড়া-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলু জাতীয় সংসদে বলেছেন, ‘মাননীয় স্পিকার, আল্লামা শফীর তেঁতুল তত্ত্ব যদি ব্যবহার করা হয়, তাহলে ধর্ষকরা নিরুৎসাহিত হবে... এবং তাদের মধ্যে ধর্মীয় অনুভূতি বাড়বে।’
মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২০ নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেছেন।
হেফাজতে ইসলামের প্রয়াত আমির আহমদ শফী ২০১৩ সালে নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করেছিলেন। যা দেশজুড়ের ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
মঙ্গলবার মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন্নেসা বিলটি পাসের প্রস্তাব করেন।
নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিলে বিদ্যমান আইনের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধানের স্থলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের বিধানের প্রস্তাব করা হয়। এ ছাড়া বিলে ধর্ষণের শিকার এবং অভিযুক্তের ডিএনএ টেস্ট বাধ্যতামূলক করার বিধান রয়েছে।
সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলুর মতে, নারী মুক্তির নামে নারীবাদীরা নারীদের স্বাধীন হতে উত্সাহিত করছে। এতে ধর্ষণকারীরা ধর্ষণে উত্সাহিত হচ্ছে।
২০১৮ সালে সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে বগুড়া-৭ (গাবতলী- শাজাহানপুর) থেকে নির্বাচিত হন মো. রেজাউল করিম বাবলু।
সংশোধিত বিলটিকে গুরুত্বপূর্ণ হিসেবেও উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা অনেক আইন প্রণয়ন করেছি, তবে যথাযথ প্রয়োগের অভাবে আইনগুলো অকার্যকর হয়ে থাকে।’
খবর: ডেইলি স্টার।
