মির্জাপুরে বাল্যবিয়ে পন্ড, কনের বাবাকে জরিমানা

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১২:৪২ এএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার সকালে মির্জাপুর পৌর এলাকার কাণ্ঠালিয়া গ্রামে বিয়েবাড়িতে গিয়ে এই আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন। একইসঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দিয়েছেন কনের বাবা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কনের বাবা তার মেয়ে অষ্টম শ্রেণির ওই ছাত্রীর বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। গত মঙ্গলবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। গতকাল বুধবার ছিল কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান। খবর পেয়ে বরযাত্রী আসার আগেই জুবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিয়েবাড়িতে হাজির হয়। অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করার অপরাধে কনের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দেবেন না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

জুবায়ের হোসেন বলেন, অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা করা হয়েছে এবং মুচলেকা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত