ফ্রান্স-স্পেনের পর ইতালি ও বেলজিয়াম উঠেছে নেশন্স লিগের ফাইনালসে। আগামী বছরের ৬ ও ৭ অক্টোবরের দুই সেমিফাইনাল কাদের মধ্যে হবে তা নির্ধারিত হবে আগামী ৩ ডিসেম্বর। সেদিনই নির্ধারিত হবে কোথায় হবে ম্যাচগুলো। তবে এখন পর্যন্ত ইতালি আয়োজক বলে ধারণা করা হচ্ছে।
আগের রাউন্ডে পোল্যান্ডকে হারিয়ে ফাইনালসে এক পা দিয়েই রেখেছিল ইতালি। তবুও সব নির্ভর করছিল গ্রুপের শেষ ম্যাচে। লিগ ‘এ’র এক নম্বর গ্রুপে বুধবার রাতে আজ্জুরিরা ২-০ গোলে বসনিয়া-হার্জেগোভিনাকে হারিয়ে উঠে গেছে ফাইনালসে। তাতে নিজেদের শেষ গ্রুপ ম্যাচ জিতেও (পোল্যান্ডের বিপক্ষে ২-১) বাদ পড়তে হয়েছে নেদারল্যান্ডসকে। আর দুই নম্বর গ্রুপে স্বাগতিক বেলজিয়াম ৪-২ গোলে ডেনমার্কে হারিয়ে ফাইনালসে উঠেছে।
ফিফা র্যাংকিংয়ে ১২ নম্বরে থাকা ইতালি ৫১ নম্বরে থাকা বসনিয়ার বিপক্ষে জিতবে বলেই ধারণা করা হয়েছিল। হয়েছেও তাই। ম্যাচের ২২ মিনিটে আন্দ্রেয়া বেলোত্তি এবং ৬৮ মিনিটে দোমেনিকো বেরার্দি গোল করেন। এই নিয়ে টানা ২২ ম্যাচে অপরাজিত রইল ইতালি। তারা সবশেষ হেরেছিল পর্তুগালের বিপক্ষে, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর।
করোনার কারণে এই ম্যাচেও মাঠে ছিলেন না ইতালির কোচ রবের্তো মানচিনি। তবে দলের জয়ের পর ভিডিও কলের মাধ্যমে সবার সঙ্গে জয় উদযাপন করেন মানচিনি। ইতালির কোচ টুইটারে লেখেন, ‘কোয়ালিফাইড! কাক্সিক্ষত এবং প্রাপ্য ফলাফলই পেয়েছি! অসাধারণ!!’ ইতালি নিজেদের মাঠে ফাইনালস খেলবে বলে আশাবাদী মানচিনি।
ফ্রাঙ্ক ডি বোর ২৫ সেপ্টেম্বর কোচের দায়িত্ব নেওয়ার পর দুটি প্রীতি ম্যাচসহ নেশন্স লিগের ম্যাচে বসনিয়া ও ইতালির সঙ্গে ড্র করেই পিছিয়ে পড়ে নেদারল্যান্ডস। শেষে বসনিয়া ও পরশু পোলান্ডের সঙ্গে রিটার্ন লিগ জিতেও ইতালির চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে পড়ে তারা।
লুকাকুর জোড়ায় ফাইনালসে বেলজিয়াম
দুই নম্বর গ্রুপ থেকে ফাইনালস নিশ্চিত করেছে ফিফা র্যাংকিংয়ে শীর্ষ দল বেলজিয়াম। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে রোমেলু লুকাকুর জোড়া গোলে ৪-২ ব্যবধানে ডেনমার্ককে হারিয়েছে তারা। এই জয়ে ছয় ম্যাচ শেষে ১৫ পয়েন্টে শীর্ষে থেকে ফাইনালসে গেছে বেলজিয়াম। গ্রুপের অপর ম্যাচে ইংল্যান্ড ৪-০ গোলে হারিয়েছে আইসল্যান্ডকে। ইংলিশদের হয়ে জোড়া গোল করেন ফিল ফোডেন।
ওয়েলসের ‘এ’ লিগ নিশ্চিত
ফিনল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে লিগ ‘এ’ নিশ্চিত করেছে ওয়েলস। তাদের সঙ্গী হয়েছে অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র ও হাঙ্গেরি। আর ‘এ’ লিগ থেকে নিচে নেমে গেছে বসনিয়া, আইসল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড।
