খুলনার পাইকগাছা উপজেলায় বন্ধুর বিয়েতে গিয়ে মদপানে নবদ্বীপ হালদার (২৪) নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ৮টায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দু’জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। নবদ্বীপ খড়িয়া গ্রামের বিকাশ চন্দ্র হালদারের ছেলে।
অসুস্থরা হলেন-উপজেলার সরল গ্রামের অনুকূল ব্যানার্জির পুত্র নবকুমার ব্যানার্জি (২২) ও একই গ্রামের সুকুমার চক্রবর্তীর পুত্র পার্থ প্রতিম চক্রবর্তী (২৮)। মৃত নবদ্বীপ হালদার ও গুরুতর অসুস্থ নব কুমার ব্যানার্জি সক্রিয় ছাত্রলীগ কর্মী। এ ছাড়া পার্থ প্রতিম চক্রবর্তী খুলনা জেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক।
এলাকাবাসী জানায়, পাইকগাছা উপজেলার দক্ষিণ কাইনমুখী গ্রামের চিত্তরঞ্জন মণ্ডলের পুত্র অমিত মণ্ডলের সঙ্গে কেশবপুর উপজেলার চুয়োডাঙ্গা গ্রামের বিকাশ মল্লিকের কন্যার সঙ্গে শনিবার রাতে বিয়ে হয়। বিয়ের বরযাত্রীতে যাওয়া অমিতের বন্ধু নবদ্বীপ হালদার, সরল গ্রামের নব কুমার ব্যানার্জি ও পার্থ প্রতিম চক্রবর্তী দাওয়াত খেয়ে ফেরার পথে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পাইকগাছায় পৌঁছানোর পর তাদের অবস্থা গুরুতর হওয়ায় রাতে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। রবিবার খুলনায় যাওয়ার পথে কপিলমুনি পৌঁছালে সকাল ৮টায় নবদ্বীপ মারা যায়। নবকুমার ও পার্থ গুরুতর অসুস্থ অবস্থায় খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রলীগের এক সহসভাপতি বলেন, বিয়ে অনুষ্ঠানে গিয়ে তারা মদ খেয়েছিলেন। চিকিৎসকদের পরীক্ষায় তাদের শরীরে অ্যালকোহল পাওয়া গেছে। সেখান থেকে তারা অসুস্থ হয়ে পড়েন। নব কুমার ও নবদ্বীপ ছাত্রলীগের কমী। তারা কোনো পদে নেই।
এ ব্যাপারে অমিত মণ্ডল বলেন, বিয়ের অনুষ্ঠানে অন্য কোন অতিথিদের সমস্যা হয়নি। সেখানের খাবারে কোন সমস্যা ছিল না।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ হাওলাদার বলেন, নবদ্বীপ ও নব কুমার কে আমি ভালো চিনি না। তারা ছাত্রলীগ করে কি না জানি না।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী জানান, মৃতের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তর জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
