অনুশীলনের আগে ফুটবল খেলতে গিয়ে চোট পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন অন্তত ৭ দিনের জন্য ছিটকে গেছেন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তাই শুরুতে এই অলরাউন্ডারকে পাচ্ছে না মিনিস্টার গ্রুপ রাজশাহী।
দলের পক্ষে সোমবার নিশ্চিত করা হয়, অন্তত ৭দিনের জন্য ছিটকে গেছেন সাইফউদ্দিন। ৭দিন পর ফিজিও তার অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানাবেন।
আপাতত সাইফউদ্দিনকে ছাড়াই সামনে তাকাতে হচ্ছে রাজশাহীকে। দলটির অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন, ‘অবশ্যই সাইফউদ্দিন অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো বা প্রথম ছয়-সাতদিন আমরা পাচ্ছি না। এরপর আরেকটা রিপোর্ট পাব। কিন্তু এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার সুযোগ নাই। যেহেতু কালকে ম্যাচ। যেই দলই হবে, সেটা নিয়েই আমরা আত্মবিশ্বাসী।’
সাইউদ্দিনকে নিয়ে অবশ্য আক্ষেপ ঝরল শান্তর কণ্ঠে, ‘আপনি শেষ যদি প্রেসিডেন্টস কাপে দেখেন, সাইফউদ্দিন পুরোপুরি ফিট ছিল। এক শ ভাগ অ্যাফোর্ট দিয়েই খেলেছে। দুর্ভাগ্যবশত সে ইনজুরড হয়ে গেছে, এটা যে কেউই হতে পারে।’
রবিবার দলের অনুশীলনে ফুটবল খেলার সময় গোড়ালিতে চোট পান সাইফউদ্দিন।
মঙ্গলবার শুরু হচ্ছে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। উদ্বোধনী ম্যাচেই বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে সাইফউদ্দিনদের দল মিনিস্টার গ্রুপ রাজশাহী।