জয়পুরহাটের আক্কেলপুরে মোটরসাইকেলের ধাক্কায় খোকা চন্দ্র সরকার (১০৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় আক্কেলপুর-বগুড়া সড়কের মকিমপুর ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকা পৌর সদরের মকিমপুর গ্রামের মৃত বইকণ্ঠনাথ সরকারের ছেলে।
এ ঘটনায় ওই মোটরসাইকেলের দুই আরোহী আক্কেলপুর পৌরসভা বিহারপুরের বাসিন্দা আল-আমিন (২৫) ও দুলাল হোসেন (৪৩) আহত হয়েছেন।
পুলিশ জানান, নিহত খোকা মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে খোকা ও মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হলে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক খোকাকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আক্কেলপুর থানার ওসি আব্দুল লতিফ খান জানান, নিহত খোকার লাশ তার পরিবার ময়নাতদন্ত ও মামলা করবে না মর্মে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যায়।
