মুক্তিযুদ্ধের সময় চাঁদপুরের ডাকাতিয়া নদীতে মাইন বিস্ফোরণে ডুবিয়ে দেওয়া পাকিস্তানি হানাদার বাহিনীর অস্ত্রবাহী যুদ্ধজাহাজ এমভি আকরাম (ছদ্মনাম লোরাম) চাঁদপুরে সংরক্ষণের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। সেই সঙ্গে দেশের নৌ-জাদুঘরটিও চাঁদপুরে করার দাবি করেন তারা।
গতকাল সোমবার দুপুরে সরকারের কাছে এসব দাবি নিয়ে ঢাকায় চাঁদপুরের মুক্তিযোদ্ধা পরিষদের শতাধিক মুক্তিযোদ্ধা চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খানের কাছে স্মারকলিপি দেন।
এ সময় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাংসদ শফিকুর রহমান, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কমিটির অন্যতম সদস্য শাহজাহান কবীর বীরপ্রতীক, মমিন উল্লাহ পাটোয়ারী বীরপ্রতীক, ঢাকায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা পরিষদ সভাপতি মিয়া মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আহমেদ উল্লাহ রতন প্রমুখ উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধের সময় জাহাজটি ডুবিয়ে দেওয়ার নেতৃত্বে থাকা মমিন উল্লাহ পাটোয়ারী বীরপ্রতীক বলেন, ২০০৮ সালের ৯ অক্টোরব ডাকাতিয়া নদীর তলদেশ থেকে জাহাজটি তুলে নিয়ে নিলামে বিক্রি করে দিলে চাঁদপুরের সচেতন মহল আন্দোলন শুরু করে। বর্তমানে জাহাজটি নারায়ণগঞ্জের একটি ডকইয়ার্ডে অযত্ন-অবহেলায় পড়ে আছে। আমরা চাই যেখানে জাহাজটি ডুবিয়েছিলাম সেখানেই এটি আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে সরকার সংরক্ষণ করবে। যাতে পরবর্তী প্রজন্ম গর্ব করে বলতে পারে এবং দেখাতে পারে তাদের পূর্বপুরুষের বীরত্বের কথা।
